১১ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটে আগামীকাল থেকে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক নেতারা।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বৈঠক করে সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেওয়া ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান- উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেফতারের দাবিতে এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
তবে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের আহ্বানে রাতে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। এসময় জেলা প্রশাসক তাদের দুটি দাবি বিবেচনা করে দেখবেন বলে জানান। পরে ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।