১৭ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন আটকে থাকার পর বিশ্বনাথ উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে দেওকলস ইউনিয়নে প্রায় ১২ বছর পর, আর বাকি ৪টি ইউনিয়নে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে প্রায় ৭৯ হাজার ৭৭১ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি (চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ২৫৪ জন প্রার্থী। আর ৫টি ইউনিয়নের ওই ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন।