২৫ জুন ২০২৩
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভিজিএফের চাল চুরির দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটক রাজ্জাক আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা চালসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নে অসহায় ও দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। এতে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাড়ে সাতবস্তা চাল চুরি করে নিজ বাড়িতে রাখেন। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে অবগত করেন। পরে তাকে আটক করে শাল্লা থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সরকারি চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।