২৪ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক : বন্দরবাজার ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় হারুন রশিদ নামক এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। কনস্টেবল হারুন এই ঘটনায় সাময়িক বহিস্কার ছিলেন।
শনিবার সকালে পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে প্রচার করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। তবে বিকেলে পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিনে। পরিবার দাবি করে, সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান।