১৬ অক্টোবর ২০২০


ওসমানীনগরে সরকারি অনুমতি ছাড়াই স্কুলের গাছ কর্তন

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে বেআইনিভাবে বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের অর্ধশতাধিক গাছ কেটে বিক্রি করা হয়েছে। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কর্তনের জন্য সরকারের অনুমতি নেয়ার প্রয়োজন থাকলেও তা করা হয়নি। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।

জানা যায়, সরকারি কোন অনুমতি ছাড়াই সম্প্রতি বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজ গর্ভনিংবডির সিদ্ধান্তের প্রেক্ষিতে দরপত্র আহবানের মাধ্যমে প্রতিষ্ঠানের মূল সড়ক ও আঙ্গীনায় থাকা ৫৫টি গাছ ১লাখ ৩৫ হাজার টাকা বিক্রি করা হয়। ইতোমধ্যে ক্রেতা ক্রয় করা গাছগুলোও কেটে নিয়েছেন। অনুমতি না নিয়ে গাছ কেটে বিক্রির বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠান পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।

বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয় পাশ্ববর্তী এক বক্তির সীমানা প্রাচির ক্ষতির হাত থেকে রক্ষা এবং সড়ক পাকাকরণের জন্য রেজুলেশন করে দরপত্র আহবানের মাধ্যমে গাছ গুলো বিক্রি করেছেন তারা। বেসরকারি বিদ্যালয়ের গাছ কর্তনের ব্যাপারে প্রশাসনিক অনুমতি নেয়ার বিষয়টি তাদের জানা নেই বলেও জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, গাছের কারণে এক ব্যক্তির সীমানা প্রাচির ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং বিদ্যালয়ের সড়ক পাকাকরণের জন্য গাছ কাটার প্রয়োজন দেখা দেয়। গর্ভনিং বডির সভায় রেজুলেশন করে দরপত্র আহবানের মাধ্যমে গাছ গুলো বিক্রি করা হয়। বেসরকারি বিদ্যালয়ের গাছ কাটতে প্রশাসনিক অনুমতি নেয়ার বিষয়টি জানা ছিল না বলে জানান তিনি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চত করে বলেন, ‘বিষয়টি জানার পর প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সরকারি অনুমতি ছাড়া এতগুলো গাছ কেটে বিক্রি করে দেয়া বেআইনি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন