২৩ জুন ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আছিয়া বেগম (৪৫) নামে ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত আছিয়া বেগম উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাদল মিয়ার স্ত্রী।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বিকালে বাদাল মিয়ার পার্শ্ববর্তী মইনুল হকের রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণ পর মইনুল হকের লোকজন সহ প্রতিবেশীরা পানি দিয়ে নিভিয়ে ফেলেন। এসময় রান্না ঘরে থাকা কারেন্টের তার সহ আসবাবপত্র আগুনে পুড়ে যায়। বিকাল ৫টার দিকে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র দেখতে যান আছিয়া বেগম সহ কয়েকজন। একপর্যায়ে মইনুল হকের রান্না ঘরের সঙ্গে থাকা বসত ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আছিয়া বেগম মৃত্যুবরণ করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।