২০ জুন ২০২৩


কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেই সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ করছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল ১১টা থেকে নগরের মেন্দিবাগের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদেরের কাছ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ইভিএম মেশিনসহ নির্বাচনের আনুষঙ্গিক সরঞ্জামাদি গ্রহণ করেন। পরে তারা নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

ভোটের সরঞ্জামাদি বিতরণকালে সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় ১৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ কার্যক্রম ঢাকা থেকে সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

বুধবার অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে মোট ১ হাজার ৩৬৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে। প্রতিটি ভোটকেন্দ্রের প্রতিটি কক্ষে একাধিক সিসি ক্যামেরা থাকবে।

সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চারজন দলীয় প্রার্থী। বাকি চারজন স্বতন্ত্র। দলীয় প্রার্থীদের আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইলসামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) এবং জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম (গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) এবং মো. শাহজাহান মিয়া (বাস গাড়ি) প্রতীক পেয়েছেন। এরমধ্যে সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচন সুষ্ঠু হবে না জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ইলসামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র অনুযায়ী, মেয়র পদে আটজন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গেরে ভোটার ছয়জন।

শেয়ার করুন