১৭ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে।
মোকাব্বির খানের এপিএস জুবের খান আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্যার তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন। স্যারের মনবল খুবই শক্ত আছে। স্যার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, সিলেট-২ আসনের সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সিএমএইচে ছুটে যান একই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তিনি মোকাব্বির খানের চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার খোঁজখবর নেন।
সাবেক এই সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্যের আশু রোগমুক্তির জন্য তার নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন মোকাব্বির খান। তাকে ওইদিন বিকেল ৩টার দিকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়। এর পর করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে প্রথমদিকে ঐক্যফ্রন্ট সংসদে অংশ না নিলেও তিনিই ঐক্যফ্রন্টের প্রথম এমপি যে সংসদে শপথ নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি সংসদে শপথ নেন।