১৫ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ জন্য আগামী তিনদিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।
এতে বলা হয়- উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে এ অঞ্চলের নদ-নদীর (সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটা) পানি দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমা পার হয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা) সিলেটে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে এ নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী প্রকৌশলী শাহ মুহাম্মদ সজীব হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত মোট ১০২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ৬০ সেন্টিমিটার এবং ৯টা থেকে ১২টা পর্যন্ত ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে বুধবার (১৪ জুন) ২৪ ঘণ্টায় ২৭১ দশমিক ৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ৪৮ ঘণ্টায় সিলেটে মুষলধারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে টানা বৃষ্টিপাত হলে সিলেট মহানগরের অধিকাংশ স্থানে সৃষ্ট জলাবদ্ধতায় রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন নগরবাসী।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, নগরের ছড়াখাল পরিচ্ছন্ন রয়েছে। কেবল ড্রেনগুলোতে বাসা-বাড়ির ময়লা ফেলায় বৃষ্টির পানি নামতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই নগরের বাসিন্দাদেরও যত্রতত্র ময়লা ও পলিথিন ফেলা থেকে সচেতন হতে হবে