৭ জুন ২০২৩
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় যুবদলের পরামর্শ সভায় পুলিশ বাধা দিয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে বুল্লা এলাকায় আয়োজিত সভাটি বন্ধ করে দেওয়া হয়।
পূর্বের ঘোষণা অনুযায়ী উপজেলার বুল্লা ইউনিয়ন যুবদলের পরামর্শ সভা বুধবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই লক্ষে হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে একটি জায়গায় চেয়ার-টেবিলসহ সরঞ্জাম আনা হয়, দুপরে নেতাকর্মীরা সেখানে আসতে থাকেন।
তবে সভা শুরু হওয়ার আগেই লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেয় এবং সভার সরঞ্জাম অপসারণের জন্য বলে। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাদানুবাদ হলেও নেতাকর্মীরা এক পর্যায়ে ঘটনাস্থল ছাড়তে করতে বাধ্য হয়।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, সড়কে সভা আয়োজন করলে জনদুর্ভোগ হবে। সেই বিবেচনায় নেতাকর্মীদের সেখান থেকে সড়ে গিয়ে অন্যত্র সভা করতে বলা হয়েছে।
তবে যুবদলের দাবি এখানে জনদুর্ভোগের শঙ্কা ছিল না এবং পুলিশ অন্যায়ভাবে তাদের সভা পণ্ড করে দিয়েছে।
লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, আমরা আগে থেকেই পুলিশের অনুমতি নিয়ে ব্যক্তি মালিকানাধীন জায়গায় পরামর্শ সভা আয়োজন করেছিলাম। স্থানটি সড়কের পাশে অবস্থিত হওয়ার অজুহাতে পুলিশ সভা পণ্ড করে দেয়।