৪ জুন ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : সিলেটে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারির ছেলে মুসা মিয়া, উপজেলার খড়কি গ্রামের বজলুর রহমানের ছেলে মো. লেচু মিয়া, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোড়াউড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শিবলু হাসান।
রোববার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন ও চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে।
শিবলু হাসান নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। স্কুলে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথে সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসটিও রাস্তার পাশে পড়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।