৯ সেপ্টেম্বর ২০২০


নবীগঞ্জ ১৭ কোটি টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে আঞ্চলিক মহাসড়ক

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের শহীদ কিবরিয়া চত্ত্বর থেকে আউশকান্দি-হীরাগঞ্জ বাজারের ৩শ’ মিটার দৈর্ঘ্য ও ১৮ মিটার প্রশস্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজ শুরু হয়েছে। এছাড়া রাস্তার দু’পাশে ড্রেন নির্মাণসহ রুস্তুমপুর টোলপ্লাজার সম্মুখ উন্নয়ন ও হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ১৩ কিঃমিঃ রাস্তার এলাইনমেন্ট নির্ধারণ কাজ চলছে। এতে ব্যয় হবে প্রায় ১৭ কোটি টাকা।

জানা যায়, আউশকান্দি বাজারের ভিতরে রাস্তার উভয় পার্শ্বে ৮শ’ মিটার ড্রেন নির্মাণ, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার আরসিসি দ্বারা উন্নয়ন ও রুস্তুমপুর ট্রোলপ্লাজার সম্মুখ অংশসহ ট্রোলপ্লাজার উভয় পার্শ্বের রাস্তা সংস্কার এবং নবীগঞ্জ হাসপাতাল হতে হবিগঞ্জমূখী প্রায় ১৩ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক ও জনপথ অধিদপ্তর।

স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ গাজীর প্রচেষ্টায় প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে এসব রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন করার কথা রয়েছে। গত সোমবার বিকেলে আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সামন থেকে সড়ক সংস্কারের কার্যস্থান পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ বলেন, শুধু মাত্র আউশকান্দি রুস্তুমপুর বা হবিগঞ্জ নবীগঞ্জ মহাসড়কের উন্নয়নই নয়; নবীগঞ্জ বাহুবলের সার্বিক উন্নয়নে আমি সর্বদা সচেষ্ট রয়েছি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই।

শেয়ার করুন