১৯ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: অবৈধ তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা সারা বাংলাদেশ ব্যাপি ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে সিলেট নগরীর বিমানবন্দর সড়কসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে হরতাল সমর্থকরা। রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সিলেটের বিমানবন্দর সড়ক, টুকের বাজার, মোগলাবাজারসহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন দিয়ে পিকেটিং করছে বিএনপি নেতাকর্মীরা।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রবিবার ও সোমবার হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন দাবি জানায় বিএনপি।