৪ জুন ২০২৩


সেনা সদস্য নিহতের ঘটনায় সিসিকের তদন্ত কমিটি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য নিহতের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী ‍রিপন কুমার রায়, সিসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনায় আমি মর্মাহত। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ৭২ ঘণ্টার মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন। আমি সেনা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ল্যান্স করপোরাল দেলোয়ার হোসেন সেনাবাহিনীর ৫০ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারি, ১৭ ডিভিশন, সিলেটে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার রাংনি থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে। দুর্ঘটনার সময় দেলোয়ার নগরভবনের পার্শ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন।

শেয়ার করুন