৭ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে প্রবাসীর ভূমির সীমানা প্রাচরি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের সহযোগিতায় ভাঙচুর করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উমরপুর গ্রামের লুৎফুর রহমান অভিযোগ করেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশি সিরাজ মিয়া ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে আমাদের মৌরসি সম্পত্তি প্রায় ০.১৪ একর আউশ জমি দখলের পায়তারা করে আসছে। গত ৮ ডিসেম্বর আমি দেশে এলে তাদের অপতৎপরতা আরও বৃদ্ধি পায়।
গত সোমবার সকাল ১১ টার দিকে আমি জরুরী কাজে সিলেট নগরস্থ আদালতে গেলে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তির উপস্থিতিতে আমার নিজ ভূমিতে নির্মিত দেয়াল ভেঙ্গে আমাদের মালিকানাধীন জমি দখলের পায়তারা চালায়। আমার বাড়ির কেয়ার টেকার বিষয়টি মুঠোফোনে জানালে বিষয়টি আমার আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য লোকজনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে এ বিষয়ে সিলেটের আদালতে একটি মামলা দায়ের করি। লিখিত বক্তব্যে লুৎফুর রহমান আরেও অভিযোগ করেন, ঘটনার দিন রাতে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) সাথে আমি সাক্ষাত করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজটি তিনি করেছেন বলে জানিয়েছেন।
এমনকি কোন ধরণের নোটিশ ছাড়া সীমানা প্রচীর ভাঙার বিধান আছে কিনা জানতে চাইলে এ ব্যাপারে নোটিশের প্রয়োজন হয় না বলেও জানান তিনি। জন্ম মাটির টানে প্রবাস থেকে কিছুদিনের জন্য দেশে এসে এমন পরিস্থিতি সম্মুখিন হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন এ কথা উল্লেখ করে লুৎফুর রহমান বলেন, প্রশাসন যদি এভাবে পক্ষপাতমূলক আচরণ করে তবে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবে। কোন ধরণের অনৈতিক সুবিধা দিয়ে প্রতিপক্ষ প্রশাসনকে ম্যানেজ করেছে বলে তার ধারণা বলে জানান তিনি। লুৎফুর রহমান বলেন, প্রবাসীদের সাথে এমন আচরণ করা হলে প্রবাসীরা দেশবিমুখ হওয়াসহ রেমিট্যান্সও কমার আশঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ আলী দিপু প্রমুখ।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্ত বলেন, সরকারি ভূমি থাকায় ইউএনওর নির্দেশে ভূমি উদ্ধার করা হয়েছে। ইউএনও লুৎফুর রহমানকে একাধিকবার তলব করলে তিনি অফিসে উপস্থিত হননি।