২০ মে ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সব জঙ্গিবিমান পেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করবে ওয়াশিংটন।
স্থানীয় সময় শুক্রবার রাতে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জাপানে ধনী দেশগুলোর জোট জি-৭ সম্মেলন উপস্থিত নেতাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
রাশিয়ার হামলা প্রতিরোধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশকিছু দিন ধরেই পশ্চিমা মিত্রদেশগুলোর কাছে যুদ্ধবিমান চাইছিলেন।
শব্দের চেয়ে দ্বিগুণ গতির এসব যুদ্ধ বিমান শক্রুপক্ষের যেকোন স্থাপনায় মূহুর্তের মধ্যে আঘাত আনতে সক্ষম। এসব যুদ্ধবিমান পেলে ইউক্রেনের বিমানবাহিনী যে শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নেই। ফলে জি-৭ সম্মেলনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।
জি-৭ সম্মেলনে স্বশরীরে উপস্থিত হবার কথা রয়েছে জেলেনস্কির। রাশিয়ার ওপর আরও বেশি চাপ প্রয়োগসহ নিষেধাজ্ঞা আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এই সম্মেলন থেকে। এক ঝটিকা সফরে তিনি এখন সৌদি আরবে রয়েছেন।
যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন। এ পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই দেশটির উদ্যোগেই আবারও যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইউক্রেন।
এফ-১৬ যুদ্ধবিমানের নির্মাতা দেশ যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী করতে এফ-১৬সহ চতুর্থ প্রজন্মে আধুনিক যুদ্ধবিমান দিতে এবং এসব বিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণ দিতে আমাদের সহযোগী ও মিত্র দেশগুলোর যৌথ উদ্যোগে সমর্থন দেয়া হবে।’