১৯ মে ২০২৩


সিলেটে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে সিলেটে ভোটের মাঠ চষে বেড়াতে শুরু করেছেন শাসকদল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় যোগ দিতে ইতোমধ্যে সিলেট এসে পৌছেঁছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ লক্ষ্যে নেতৃবৃন্দ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এসময় নেতৃবৃন্দকে স্বাগত জানান, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিলেটে অবস্থানকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্তত চারটি মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়াও সিসিক নির্বাচন উপলক্ষে গঠিত বিভিন্ন ওয়ার্ড ও সেন্টার কমিটির সাথে পরামর্শ সভায় যোগ দেবেন তারা।

সিলেটে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেসা হক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

দলীয় সুত্র জানায়, সিলেট অবস্থানকালে নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমা অঞ্চল, পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল এই তিনটি অঞ্চলের নেতৃবৃন্দের সাথে আলাদা আলাদা মতবিনিময় সভা করবেন।এছাড়াও পশ্চিমাঞ্চলের সাথেও আগামী শনিবার মতবিনিময় সভার কথা রয়েছে।

এর অংশ হিসেবে শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন’র হলরুমে মধ্যাঞ্চলীয় অঞ্চলের সেন্টার কমিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগের মধ্যাঞ্চলীয় অঞ্চলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ, ১৩, ১৪, ১৫,১৬,১৭,১৮,১৯, ২২ ও ২৩ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং গঠিত সেন্টার কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার কথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মধ্যাঞ্চলীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন