১৮ মে ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মে) ভোরে উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের একটি কলোনি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সুজন মিয়া (২২) ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের আতাবুর রহমান আতাইয়ের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ মে) ভোরে স্থানীয়রা গুচ্ছগ্রামে মাহমদ আলীর কলোনির বারান্দায় চালের বাঁশের সঙ্গে সুজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় লাশের পা মাটিতে লাগানো এবং পায়ের কাছে একটি প্লাস্টিকের চেয়ার ছিলো। সুজন স্ত্রী-সন্তান নিয়ে ওই কলোনিতে ভাড়া থাকতেন। সুজনের এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন ঘটনার সত্যতা নিশিচত করে জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।