১২ মে ২০২৩
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে নিজ ঘরে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জয়ন্ত পাল (৪২) নামে এক এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জয়ন্ত পাল ওই গ্রামের জ্যেতিময় পালের ছেলে। তিনি মৌলভীবাজার জেলার শমসেরনগর উপজেলায় এনজিও সংস্থা আশা অফিসে কর্মরত ছিল।
শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জয়ন্ত পালের ছোট ভাইকে পাত্র দেখতে তাদের বাড়িতে মেহমান আসার কথা ছিল। এরই প্রেক্ষিতে বাড়িতে একটি নষ্ট ফ্যান সে ঠিক করতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পাত্র দেখতে আসার দিনে জয়ন্ত পালের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তাকে শেষ বারের মতো একবার দেখতে ভীড় জমাচ্ছেন সহপাঠিসহ স্বজনরা।
বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।