৭ মে ২০২৩


বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক আহত

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার দুপুরে উপজেলার কুমড়ি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

জানা যায়, কুমড়ি দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন এবং একই গ্রামের বাসিন্দা আইনজীবী আব্দুল হামিদের গোষ্ঠীর বিরোধ ছিল। এ নিয়ে রোববার দুপুরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে নারী পুরুষসহ শতাধিক মানুষ আহত হন। পরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

গুরুতর আহতরা হলেন- ফজলুর রহমান, এরশাদ আলী, নজরুল ইসলাম, রায়হান আহমেদ, রাসেল মিয়া, নিম্মত আলী, মো. নজরুল, সাইমুদ্দিন, জুয়েল চৌধুরী, জাকির হোসেন, সাহিদ মিয়া, ছায়েদ মিয়া, এমদাদুল হক, উসমান মিয়া, বিজয় মিয়া, মাসুদ মিয়া, হুমায়ুন মিয়া, দিপু মিয়া, সায়মন হাসান, কাশেম মিয়া, সালেক মিয়া, রেজাউল, নার্গিস আক্তার, মাহমুদুল হক, রুকন উদ্দিন, রহিছ মিয়া, রোমান মিয়া, নুরুল আমিন, সজিব আহমেদ, মুছা মিয়া, আমিনা বেগম, রায়দর মিয়া, নিহার বেগম, জেসমিন আক্তার, নিশাত রহমান, আবুল কালাম, জাহাঙ্গীর ও জোসনা আক্তারসহ আরও অনেকে। তারা সবাই হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আশঙ্কাজনক আহত আরও পাঁচ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

শেয়ার করুন