১ মে ২০২৩
ছবি : সোহেল আহমদ
সৈয়দ রাসেল আহমদ : আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। বাজার হাটে গাছের গোড়া থেকে শুরু করে মগডাল পর্যন্ত ঝুলছে কাউন্সিলর পদপ্রার্থীদের ব্যনার ফেস্টুন। একেক ওয়ার্ডে ১০ থেকে ১৫ জন সম্ভাব্য প্রার্থী,এদের মধ্যে কেউ ব্যবসায়ী,কেউ রাজনীতিবিদ,আবার কেউ কেউ আত্মপ্রচারের জন্যে হলেও কাউন্সিলর প্রার্থী ঘোষণা দিচ্ছেন।
সরেজমিনে সিসিকের ৩১ নাম্বার ওয়ার্ডে ঘুরে দেখা যায়,এসব প্রার্থীদের মধ্যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হাতে গুনা দুএক জনের। কয়েকজন সম্ভাব্য প্রার্থীদের দেখা গেলো যাদের নিজ ওয়ার্ডের মানুষই চিনে না।
ওয়ার্ডের বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা বলেন, নির্বাচন আসলেই অনেকেই প্রার্থী হতে চান,কেউ নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্যেই অংশগ্রহণ করেন,কেউ আবার আত্মপ্রকাশের জন্য,আবার কেউ সুযোগে কিছু টাকা কামিয়ে নেয়ার জন্য অংশগ্রহণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন,আমার জানা মতে ৩১ নং ওয়ার্ডেই তিন থেকে চার জন আছেন যারা অন্য প্রার্থীর কাছ থেকে টাকা খেয়ে বসে যাবেন। আবার কয়েকজন আছেন তারা প্রচার প্রচারণা চালিয়ে নিজেকে সমাজে পরিচিত করতে চাচ্ছেন।
আনিছ আহমেদ নামের একজন বলেন,নির্বাচন আসলে মানুষ প্রার্থী হতে চাইবে এটা স্বাভাবিক, তবে আমাদের লক্ষ রাখতে হবে যোগ্য মানুষ যেন সুযোগ পায়। তিনি বলেন, ৩১ নং ওয়ার্ডে দুই থেকে ৩ জনের সম্ভাবনা রয়েছে ভোট যুদ্ধে লড়াইয়ে এগিয়ে থাকার,বাকি বেশিরভাগ পদপ্রার্থী যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভবানা আছে।
এদিকে কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী তারা নিজেরাই জানেন না কি করবেন,নিজের অবস্থান সম্পর্কে জানতে যোগাযোগ করলে এমন দুজন বলেন,তারা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেননি,এমনকি খোলামেলা বক্তব্য দিতেও অপারগতা প্রকাশ করেন।
তবে সাধারণ জনগণের একটাই কথা,তারা দিন শেষে যোগ্য মানুষের হাতেই তুলে দিবেন তাদের আমানত।