২৩ এপ্রিল ২০২৩


নেই উল্লেখযোগ্য কোনো কাজ, তবু বছরের সেরা অভিনেত্রী পরীমনি!

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : আট বছরের ক্যারিয়ারে অভিনয় দিয়ে কখনোই সেভাবে আলোচনায় আসতে পারেননি বিতর্কিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার একাধিক প্রেম-বিয়ে, মামলা ও হাজতবাসসহ ব্যক্তিগত অন্য সব কারণে।

গত বছর এবং চলতি বছরের এপ্রিল পর্যন্তও নেই পরীমনির উল্লেখযোগ্য কোনো কাজ। গত বছর মুক্তি পেয়েছিল তার অভিনীত ও গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’। কিন্তু ছবিটি তেমন সাড়া ফেলেনি। আগামী ১৯ মে মুক্তি পাওয়ার কথা তার অভিনীত আরেক ছবি ‘মা’।

হিসাব অনুযায়ী, গত বছরের শুরু থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত অভিনেত্রী হিসেবে পরীমনির প্রাপ্তির খাতা অনেকটাই ফাঁকা বলা যায়। তবু তিনিই নাকি বছরের সেরা অভিনেত্রী। তবে দেশের কোনো গণমাধ্যম বা সংস্থা নয়, পরীমনিকে সেরা অভিনেত্রী ঘোষণা করেছে কলকাতার আনন্দবাজার অনলাইন।

প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত দেয় এই গণমাধ্যমটি। এবার তারা পুরস্কার দিয়েছে পরীমনিকে। সম্প্রতি নায়িকার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

ঈদের আগে পুরস্কার নিতে কলকাতায় গিয়েছিলেন পরীমনি। সেখান থেকে ঈদের কেনাকাটাও সেরে আসেন। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই নায়িকা বলেন, আগে কলকাতাকে বিদেশ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতোটাই বেড়ে গেছে যে, ফ্লাইটও মিস করছি!’

পুরস্কার নিতে মঞ্চে উঠে পরীমনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরো এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দুই জায়গাতেই দেখানো উচিত।’

২০১৫ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা ‘সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমনি। এরপর পাগলা দেওয়ানা, নগর মাস্তান, মহুয়া সুন্দরী, রক্ত, অন্তর জ্বালা, স্বপ্নজাল ও বিশ্বসুন্দরীসহ তিন ডজন ছবিতে তিনি অভিনয় করেছেন।

শেয়ার করুন