২১ এপ্রিল ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে পৃথক বজ্রাপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বেলা সাড়ে ১১টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুই শিশুর ও বিকাল সাড়ে ৫টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজার বেঙ্গল স্টোন ক্রাশার এলাকায় এক শিশুর মৃত্যু হয়।
শুক্রবার দিনের পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিসনাটেক গ্রামে বৃষ্টির সময় বজ্রাঘাতের ঘটনা ঘটে। এ সময় আম কুড়াতে যাওয়া ওই গ্রামের সোলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রাঘাতে দগ্ধ হয়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাবাজার বেঙ্গল স্টোন ক্রাশার এলাকায় বজ্রাঘাতের কবলে পড়ে বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী বলেন, ‘বজ্রাঘাতে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’