১৯ এপ্রিল ২০২৩
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বোরো ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সরকারের কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আস্তমা সংলগ্ন ডেকার হাওরে এই ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মো.এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।
এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, এ বছর হাওরে এসে খুব ভালো লাগছে বোরো ধানের বাম্পার ফলন দেখে। আমরা আজকে ধান কাটা উৎসবে এসেছি এবং এ বছর ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তা থেকে কৃষকরা অনেক লাভবান হবে। কৃষকরা অনেক পরিশ্রম করে হাওরে ধানের চাষাবাদ করে। কিন্তু আগাম বন্যার কারণে কৃষকদের ধান ঘরে তুলার আগেই তলিয়ে যায়। এরই মধ্যে হাওরের ৩০ ভাগ ধান কাটা হয়েছে। এ বছর বন্যা আসার আগেই হাওরের ধান ঘরে উঠে যাবে। ইতোমধ্যে ১ হাজার ধান কাটার মেশিন হাওরে ধান কাটছে তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, যে বছর হাওরের ধান হয় সে বছর সারাদেশের মানুষ হাওরের এ ধান খেতে পারে। আর যে বছর হাওরের ধান তলিয়ে যায় সে বছর সারাদেশে খাদ্যের সংকট দেখা দেয়।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকৃতির সঙ্গে লড়াই করে হাওরে ধান ঘরে তুলা সম্ভব নয়, প্রকৃতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। তবে হাওরে আর মাটির বাঁধ নির্মাণ করা হবে না। বৈজ্ঞানিকভাবে গবেষণা করে ফসলের সময়টা ১২০ দিনের জায়গায় যদি ১০০ দিন করা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আশা এতে আমরা সফল হবো। এমনকি আগাম বন্যা আসার আগেই হাওরের ধান ঘরে তুলতে পারবে কৃষকরা। হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না, উড়াল সড়ক নির্মাণ করা হবে, যেটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পানি উপ-মন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বকত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
পরে জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন মন্ত্রী ছাড়াও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার এহসান শাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।