১৪ এপ্রিল ২০২৩


লাখাইয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষ, কৃষক নিহত

শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান কাটা নিয়ে বিরোধের জেরে হওয়া সংঘর্ষে আব্দুল জলিল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আব্দুল জলিল মকসুদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের একটি বোরো জমি নিয়ে মকসুদপুরের নওয়াজ আলী ও বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সবুজ মিয়ার বিরোধ ছিল। নওয়াজ আলী কারাগারে থাকার সুযোগে সবুজ মিয়ার লোকজন শুক্রবার ওই জমির ধান কাটতে গেলে নওয়াজ আলীর লোকজন তাতে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।

এছাড়া আহত হওয়া আরও অন্তত ১৫ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে ফিকলবিদ্ধ হয়ে আব্দুল জলিল নিহত হয়েছেন। মরদেহটি মর্গে পাঠানো হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন