১১ এপ্রিল ২০২৩


উপশহরে কোকাকোলা পান করে অজ্ঞান ৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর উপশহরে কোমল পানীয় কোকাকোলা পান করে মা মেয়ে ও শিশু ছেলেসহ একই পরিবারের ৫ জন অজ্ঞান হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে এলাকার বখাটে রাজু পলাতক রয়েছে।

সোমবার মধ্যরাতে উপশহর এইচ ব্ল‌কের ৩নং রো‌ডের আলী হো‌সেনের বাসায় এ ঘটনা ঘটে। পরে কোকা-কোলা বোতলে সাদা পাউডার জাতীয় বস্তু দেখতে পাওয়া গেছে। ঘটনার পর থেকে রাজু নামের এক যুবক আত্মগোপনে চলে গেছে। রাজু হবিগঞ্জের বানিয়াচং থানার বুলুই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ৩নং রো‌ডের আলী হো‌সেনের টিনসেডের বাসার শামসুল হক স্ত্রী-কন্যা ও ছেলে মেয়ে নিয়ে ভাড়া থাকেন। পাশ্ববর্তী বাসার রাজু নামের এক ছেলে প্রায়ই ওই বাসায় আসা-যাওয়া করতো এবং তাদের নিয়ে আড্ডা দিতো।

সোমবার রাতে রাজু পাশের একটি দোকান থেকে কোকা-কোলার একটি বোতল নিয়ে শামসুল হকের স্ত্রী-সন্তানদের এদের পান করতে দেয়। সেই কাকা-কোলা পান করার পরই শামসুল হকের স্ত্রী কামরু‌ন্নেসা (৩৫), মেয়ে এল‌মিনা (১৪), রু‌বিনা বেগম (১৭) ও লুভনা বেগম (১০) এবং ছেলে তামীম আহমদ (৪) অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরা তৎক্ষণাৎ তাদের ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

চিকিৎসায় তাদের জ্ঞান ফেরে। কোকা-কোলা বোতলে সাদা পাউডার জাতীয় বস্তু রয়েছে বলে জানান শামসুল হকের ভাই বাচ্চু মিয়া। তবে এর পিছনের কারণ বলতে পারছেন না তিনি। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন- বিষয়টি আমরা জেনেছি এবং খতিয়ে দেখছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন