১০ এপ্রিল ২০২৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফয়েজ মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রমের আশক আলীর পুত্র।
সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত কিছু দিন যাবত জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুকিত মিয়া ও একই গ্রামের আশক আলীর মধ্যে কৃষি জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। রোববার বিকালে বিষয়টি নিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। বাক- বিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ফয়েজ মিয়া গুরুতর আহত হন। সন্ধ্যায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।