৩০ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলে আতিকুর রহমান রাহেলের (৩৬) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাহেল গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের বাসিন্দা। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেটের দায়রা জজ আদালতে সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ মার্চ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে রাহেল বাড়ির সামনের গাছ কাটতে গেলে তার বাবা আবদুল করিম খান (৬০) ও মা মিনারা বেগম (৪৫) বাধা দেন। এ সময় তাদের সঙ্গে ছেলের বাকবিতণ্ডার এক পর্যায়ে রাহেল হাতে থাকা কোদাল ও দা দিয়ে মা-বাবার ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই করিমের মৃত্যু হয়। মিনারাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মিনারার মৃত্যু হয়। এ ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা করেন। পরে ২৮ মার্চ রাহেলকে গ্রেফতার করে পুলিশ। ধারাবাহিক বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের তারিখ ঘোষণা করেন সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক।