১৪ ফেব্রুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সিটি করপোরেশন থেকে প্রায় ২০০ জন কর্মী, ৪০টি গাড়ি, কয়েকজন কাউন্সিলার ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে শুরু হয় এ উচ্ছেদ অভিযান।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযানের সূচনা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজারের চৌহাট্টা, দরগাহ গেইট ও আম্বরখানা কাজিরবাজার সেতুর মোড়, তালতলা ভিআইপি রোড এলাকায় চলে এ পরিচ্ছন্নতা অভিযান।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী এক মাস প্রতিদিন এ অভিযান চলবে। নগরীর ড্রেনগুলো পরিষ্কার ও ফুটপাতের অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে এ অভিযানে।
(আজকের সিলেট/১৪ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)