১৩ ফেব্রুয়ারি ২০১৮

শাবি প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিাবার্ষিকী উৎসব পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে কেক কেটে ২৭তম বছরপূর্তি উৎসবের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও ‘বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি’র সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।
এসময় অন্যদের মধ্যে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি (১লা ফাল্গুন) ৩২০ একর জায়গায় ৩ টি বিভাগের ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।