১২ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকার তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সিলেটে বিশেষ অভিযান চালিয়ে আসামি গ্রেফতারের পাশাপাশি সিলেট থেকে এ টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ছয় কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ঢাকা, সুনামগঞ্জ ও সিলেটে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবরে প্রকাশ।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। এছাড়া ঘটনার পর ছিনতাইকারীরা যে পথে পালিয়ে যেতে পারে সম্ভাব্য সেসব জায়গার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে পুলিশ।
এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে আটক করা হয়েছিল। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।