১০ মার্চ ২০২৩


সবুজ ধানের গাছে সাদা বকের মিতালী

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে : সবুজ হয়ে উঠছে দিগন্ত জোড়া কৃষকের আবাদ করা বোরো ফসলের মাঠ। এক পশলা স্বস্তির বৃষ্টি কৃষকের ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে। কৃষকের চোখে মুখে আনন্দের ঝিলিক।আগেভাগে বোরো ধান পরিচর্যায় মাঠে নেমেছেন কৃষকরা। তাদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধানের গাছে কৃষকরা পরিচর্যা করছেন।

বাংলাদেশের ঋতুতে এখন চলছে ঋতুরাজ বসন্ত । শীত বিদায় নিলেও এর আবেশ এখনও প্রকৃতিতে বিদ্যমান। আর এ প্রকৃতিতে সবুজ অপরূপ সুন্দরের প্রতীক হয়ে উঠেছে ধানের সবুজ গাছে। ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে সাদা বক যেন চিরন্তন বাংলার নান্দনিক রুপ বৈচিত্রের ঐতিহ্য বহন করছে। কৃষকের এই ব্যস্ততার সাথে খাবার সংগ্রহে মেতে উঠেছে বাংলার অতি পরিচিত পাখি সাদা বক। এ যেন কৃষক ও সবুজ ফসলের সাথে বকের মিতালী।

সরেজমিনে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন জায়গায় ফসলের মাঠে দেখা যায়, প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো সাদা বক দলবেঁধে সংগ্রহ করছে খাবার। কৃষকের পিছু পিছু উড়ছে আর খাচ্ছে কেঁচোসহ মাটির বিভিন্ন পোকা-মাকড়। উড়ে চলছে দলবেধে। দিগন্তবিস্তৃত মাঠের সৌন্দর্য বাড়িয়ে তুলছে সাদা বকের দল। এ জমি থেকে ঐ জমি ফেরি করে ঘুরে বেড়াচ্ছে। এ যেন কৃষকের সাথে বকের মিতালী।

ভোর সকালে ও বিকেলে ফসলের জমিতে তাদের বিচরণ বিমুগ্ধ করে তোলে প্রকৃতির চারিদিকের পরিবেশকে। দুপুরের সময়টা তারা একটু বিশ্রামে চলে যায়।সন্ধ্যার একটু আগে গোধূলি সন্ধ্যায় নীল আকাশে উড়ে ফিরে নীড়ে।

কৃষকরা জানান, প্রতিবছর শীতের শেষে উপজেলার মাঠে মাঠে বোরো ধান রোপনের সময় সাদা বকের সংখ্যা বেশি দেখা যায়। লাঙ্গল বা কলের লাঙ্গল দিয়ে চাষাবাদ বা জমিতে পানি দেওয়ার সময় বক পাখি দল বেধে খাবার সংগ্রহ করে।

কৃষক মোশাহিদ আলি জানান, বক আমাদের বন্ধু। আমরা এদের কোনো ক্ষতি করি না। তাই নিশ্চিন্তে ওরা আমাদের আশে-পাশেই থাকে। সকাল থেকে বিকেল পর্যন্ত খাবার সংগ্রহ করে। এরপর কোথায় যেন হারিয়ে যায়। আমাদের ভালোই লাগে।

কৃষিবিদ রায়হান পারভেজ রনি বলেন, দেশি সাদা বক কৃষকের আগে পিছে উড়ে বেড়ায়। সাদা বকের এই মিতালী যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে তেমনি উপকার করছে কৃষকদেরও। ধানের জন্য ক্ষতিকারক পোকামাকড় খেয়ে উৎপাদনেও ভূমিকা রাখছে। সেই সাথে বাড়াচ্ছে প্রকৃতির সৌন্দর্য।

তিনি বলেন, কৃষি ও প্রকৃতির বন্ধু সাদা বক পাখি। তাদের রক্ষায় সকলকে কাজ করার আহবান জানান তিনি। শতশত বক পাখির পাশাপাশি দেখা মিলে ফিঙে, শালিকসহ নানা প্রজাতির পাখি।

উল্লেখ্য, প্রতিবছর এই সময়টাতে খাদ্যের সন্ধানে বিভিন্ন ফসলের মাঠ, নদী ও জলাশয়ের ধারে ভিড় করে দেশি সাদা বকের দল। এ যেন বকের মিলন মেলা। মাটির নিচের পোকামাকড় খায়। এদিকে ঝাঁকে ঝাঁকে সাদা বকের ঘুরাঘুরি দেখে সৌন্দর্য উপভোগ করে আনন্দ পায় মাঠে কাজ করা কৃষকেরা।

শেয়ার করুন