৪ মার্চ ২০২৩


আবারো বিতর্কের মুখে মেয়র আরিফ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিতর্ক যেন পিছু ছাড়ছেনা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর। বিভিন্ন ইস্যু নিয়ে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন বিএনপি সমর্থিত এই মেয়র। সবশেষ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী আবারো বিতর্কের মুখে পড়েছেন।

মেয়র শহীদ মিনার ভাড়া দেবেন, এমন তথ্য জানার পর এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় প্রগতিশীল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতৃবৃন্দ।

এ নিয়ে বিতর্কের মুখে অবশেষে সভা আহ্বান করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে শনিবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, শহীদ মিনার নিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্তের বিরোধীতা করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন।

এক বিবৃতিতে বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের মেয়র কর্তৃক বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে বাণিজ্যিক স্থাপনা তৈরি এবং অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্দের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সমগ্র জাতির গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক। অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্দ কিংবা স্মৃতিসৌধের অভ্যন্তরে বাণিজ্যিক উদ্দেশ্যে স্থাপনা তৈরি সিলেট সিটি করপোরেশনের মেয়রের উদ্ভট চিন্তা, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ‘

নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার চক্রান্ত বন্ধ এবং স্মৃতিসৌধের অভ্যন্তরে মূল স্থাপনার বাইরের সব স্থাপনা অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানান। এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য সিলেটের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সবার প্রতি আহ্বান জানান।

এক বিবৃতিতে উদীচী শিল্পী গোষ্ঠী বলেছে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ব্যবহার করতে গেলে ভাড়া দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। বিভিন্ন গণমাধ্যমে এমন সিদ্ধান্তের কথা প্রচারিত হয়েছে। এমন সিদ্ধান্ত মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সংকুচিত করার ষড়যন্ত্র বলে মনে করে উদীচী। তাই, এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে উদীচী।

শেয়ার করুন