৬ ফেব্রুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : রাজনীতিকদের ভিড় এখন সিলেটে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে সব দলের ছোট-বড় নেতা সবাই সিলেট সফর করছেন। মাজার জিয়ারত করছেন। কেউবা আবার করছেন মানতও। নেতাদের ভিড়ে সিলেট যেন এখন রাজনীতিকদের তীর্থস্থান হয়ে উঠছে।
আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফর করেছেন এবং ওলিদের মাজার জিয়ারত করেছেন। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিলেটে সফরে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
মূলত ২০১৮ নির্বাচনি বছর হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও জাতীয় পর্যায়ের নেতারা ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটের মাটি ও মাজার ছুঁয়ে তাদের রাজনীতি এবং নির্বাচনি প্রচারণা শুরুর দিকেই ঝুঁকেছেন।
দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গাড়িবহর নিয়ে সিলেট আসছেন এবং মাজার জিয়ারত করে আসছেন। পীর মাশায়েকদের দোয়া নিতে সিলেট যাওয়ার কথা স্বীকার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রাজনীতিতে ভেদাভেদ থাকলেও সিলেটে গিয়ে মাজার জিয়ারত করতে কেউই পিছিয়ে নেই।
গত ৩০ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসেন। এরপরই গত ১ ফেব্রুয়ারি সিলেটে আসেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর সেমাবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও পুরোবহর নিয়ে সিলেটে এসেছেন মাজার জিয়ারত করতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েই সিলেট থেকে তার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। গত ৩০ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারতের মধ্যদিয়ে তিনি তার নির্বাচনি প্রচারণার জনসভায় যোগ দেন। সিলেটবাসীর কাছে ভোট চান প্রধানমন্ত্রী।
এরপর সেখানে গিয়ে মাজার জিয়ারত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তবে তিনি কোনও জনসভা করেননি। মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এরশাদ।
একইভাবে খালেদা জিয়াও সোমবার সিলেট এসে শাহজালাল ও শাহপরাণ (রহঃ) মাজার জিয়ারত করেছেন। পরে তিনি সার্কিট হাউজে সিলেট বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাত এবং দিক নির্দেশনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করেন।
(আজকের সিলেট/৬ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)