১ নভেম্বর ২০১৯


শ্রীমঙ্গলে ডাকাত আতঙ্ক

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাজুড়ে চলছে ডাকাত আতঙ্ক। ডাকাতের হাত থেকে রেহাই পেতে রাত জেগে দল বেঁধে পাহারা বসিয়েছেন বিভিন্ন গ্রাম মহল্লাহর আতংকগ্রস্থ মানুষ। সেই সাথে জোরদার করা হয়েছে পুলিশী টহল। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগাম সতর্কবার্তা দিচ্ছে পুলিশসহ স্থানীয় সচেতন মহল।

গত শনিবার মৌলভীবাজার জেলার আখাইলকোরা গ্রামে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। পরে শ্রীমঙ্গলে খবর ছড়িয়ে পড়ে ডাকাতরা শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে এর সত্যতা যাচাই কালে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন।

এরপর থেকে উপজেলা জুড়ে বিরাজ করছে এই ডাকাত আতঙ্ক। সোমবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সোমবার রাত বারটার পর শহরতলীর সিন্দুরখান সড়ক, সিরাজনগর, ভাড়াউড়া, পশ্চিমবাগ, খাসগাঁওসহ পুরো সুনগইড় এলাকায় তিন/চার জন করে গ্রুপ করে পাহারা দিতে দেখা গেছে।

তারা জানান, রোববার রাত থেকেই তারা এলাকায় এলাকায় পাহারা দিচ্ছেন ডাকাত ঠেকাতে। স্থানীয় ইউপি সদস্য তাদেরকে সতর্ক করেছেন এলাকায় ডাকাত আসতে পারে তাই ডাকাত আতঙ্কে তারা পালাক্রমে রাতে পাহারা দিচ্ছেন।

আশিদ্রেন ইউপি সদস্য মো. আরজু মিয়া বলেন, ‘থানা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, তাই এলাকার লোকজনকে সতর্ক করেছি তারা যেন পাহারা বসান’।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ‘পুলিশ হেডকোয়ার্টারের এলআইজি শাখা থেকে কয়েকজন ডাকাতের কথাবার্তা ও মোবাইল ফোন ট্রাকিং করে নিশ্চিত হওয়া গেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল শ্রীমঙ্গল এলাকায় ডাকাতির চুড়ান্ত প্রস্তুতিতে রয়েছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেফতারে ডিবি পুলিশ মৌলভীবাজারের অন্তহেরী গ্রামে গিয়ে জানতে পারেন ইতিমধ্যেই আখাইলকোরা গ্রামে তারা ডাকাতি সংঘটিত করে ফেলেছে। এর পর আর তাদের সনাক্ত করা যায়নি। তাদের গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার সর্বত্র পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘মূলত: শীতকালে ডাকাতদের উৎপাত বেশি বেড়ে যায়। এজন্য প্রতিটি এলাকায় পাহারার ব্যবস্থা করা এবং এলাকাবাসীকে ভয় না পেয়ে সবাইকে সর্তক থাকতে হবে। এজন্য তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন