১ ফেব্রুয়ারি ২০২৩


ওয়েবম্যাট্রিক্স র‌্যাংকিং বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা শাবি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্মিলিতভাবে তৃতীয় অবস্থানে রয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৩ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স।

প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ৯৭৫), দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১২১০) তৃতীয় অবস্থানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৩৬৫), চতুর্থ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৪৩২), পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৮২৫), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২০৬০),সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২১২৯), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৩০৯), নবম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংকিং ২৪০৪), দশম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৪১৪)।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভ‚মিকা বিবেচনা করে ওয়েবোমেট্রিক্স।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, এটি অত্যন্ত আনন্দের খবর। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সব সেক্টর সঠিকভাবে সমন্বয় করে কাজ করলে আগামীতে আমরা সম্মিলিতভাবে দেশসেরা হবো।

শেয়ার করুন