২৯ জানুয়ারি ২০২৩
মিজান মোহাম্মদ : নবীগঞ্জে মাটিখেকোদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না, সঙ্কটে রয়েছে কৃষি জমি। মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখলেও কিছুতেই থামছে না অসাধু চক্রটি।
রবিবার (২৯ জানুয়ারি) নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় মাটিকাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোঃ শাহিন মিয়া (২২) নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমির টপ সয়েল মাটি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম।