৩ জানুয়ারি ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা এবং পরিবহনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার স্বরস্বতী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নের্তৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।
জানা যায়, অভিযানে অবৈধভাবে মাটি কাটা এবং পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
অভিজিৎ চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি ও টিলা কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।