১ জানুয়ারি ২০২৩


ঘন কুয়াশায় আলো জ্বালিয়ে চলছে যানবাহন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : বছরের শুরুর দিনটাই শীতল রূপে দেখলো মৌলভীবাজারের মানুষ। আজকের আকাশ ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে, দেখে মনে হবে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। শীতের তীব্রতায় মানুষের হাড় কাঁপাচ্ছে গ্রাম থেকে শহর সর্বত্র। কনকনে হিমেল হাওয়া ও ঠান্ডায় জবুথবু এমন জনজীবন হয়তো বহুদিন দেখা যায়নি মৌলভীবাজারে।

রোববার শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যার কারণে পাহাড়-টিলা, হাওর, চা বাগান অধ্যুষিত জেলা মৌলভীবাজারে শীত বেড়েছে প্রান্তিক জনপদ থেকে নগরজীবনে। হাওর, গ্রামাঞ্চলসহ শহরের জনপদ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সকালে ও রাতে শিশির ঝরছে। ঘন কুয়াশার উপস্থিতির ফলে সড়কে যানবাহন চলাচল করছে কম। গাড়িচালকরা হেড লাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিচ্ছেন ধীরগতিতে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টায়ও ঘন কুয়াশায় আলো জ্বলে চলছে যানবাহন। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন কেউ কেউ সাধ্যমতো গরম কাপড় পরে বের হয়েছেন। আবার কারও পরনে পর্যাপ্ত শীত কাপড় নেই।

সদরের গিয়াসনগর ইউনিয়নের নুরুল ইসলাম জানান, আজ প্রচুর শীত পড়ছে। বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। ঠান্ডার কারণে মাঠে কাজ করতে যেতে পারছি না। কয়েক দিন ধরে খুবই শীত পড়ছে। ৯টা বাজলেও সূর্যের দেখা নেই।

রাজনগর উপজেলা টেংরা গ্রামের চঞ্চু বিশ্বাস বলেন, ‘কয়েক দিন থেকে ভালো ঠান্ডা পড়ছে। তবে আজ অনেক কুয়াশা পড়ছে। রাস্তা দেখা যাচ্ছে না। বিভিন্ন যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আমি মোটরসাইকেল চালিয়ে অন্যদিন ২০ মিনিটে জেলা শহরে আসতাম, আজ আধাঘণ্টা লেগেছে।’

শ্রীমঙ্গলের কয়েকজন বাসিন্দা জানান, চা বাগান ঘেরা এ উপজেলায় তীব্র শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।

মো. আনিসুর রহমান জানান, রোববার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময়টায় শীতের প্রাদুর্ভাব একটু বেশি থাকবে।

শেয়ার করুন