২০ মে ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা : সিলেটে ছুরিকাঘাতে চীনা বিদ্যুৎ শ্রমিক নিহতের ঘটনায় এক জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। এর আগে মঙ্গলবার সকালে (১৮ মে) সিলেটের পাঠানটুলা এলাকার নিবাস-বি-১১-৯ নম্বর বাসা থেকে উই ওয়েন টাও’র লাশ উদ্ধার করে পুলিশ। উই সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। আসামী জো বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহাড়ায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উই ওনটোর (৪৮) মরদেহ চীন থেকে আসা তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাতে কতোয়ালি থানায় দায়ের করা মামলায় আরেক চীনা নাগরিক জো চাওকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এএস এম আবু ফরহাদ জানান, নিহত উই ওয়েন টাও’র স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিং বাদী হয়ে বুধবার রাতে এ মামলা করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে মরদেহ নিয়ে যাওয়া হবে।
ওসি বলেন, সেদিন উই ওয়েন টাও’র লাশের সঙ্গে জো চাও নামের আরেক চীনা শ্রমিককে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তারা একই বাসায় থাকতেন। মামলায় জো চাওকে আসামি করা হয়েছে। উই ওয়েন টাও ও জো চাও ঘটনার দিন সকালে বাসায় নাস্তার সময় হাত ধোয়া নিয়ে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উই ওয়েন টাওকে জো চাও ছুরিকাঘাত করলে তিনি মারা যান। পরে ওই বাসা থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।
এদিকে উই ওয়েনটার নিহতের খবর পেয়ে বুধবার চায়না থেকে বাংলাদেশে আসেন তার স্ত্রী। চীনা দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার উই ওয়েন টাও’র ময়নাতদন্ত করা হয়েছে।