২৭ ডিসেম্বর ২০২২


মোগলাবাজারে ট্রেনে কাটা পড়ে অটোরিকশাচালক নিহত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার মোগলাবাজারে তড়িঘড়ি করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত হয়ে আলী হোসেন (৩৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন জকিগঞ্জ উপজেলার পশ্চিম বিলেরবন গ্রামের আবদুল খালিকের ছেলে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেটের মোগলাবাজার থানার লালমাটিয়ায় সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট রেলওয়ে থানার এসআই মাজেদুল ইসলাম জানান, লালমাটিয়ায় রেল লাইনের ওপর দিয়ে একটি ছোট রাস্তা গেছে। বিকেল ৩টার দিকে রেললাইন ক্রস করে সেই রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তড়িঘড়ি করে যেতে গিয়ে সিলেটগামী ট্রেন সুরমা মেইলের নিচে পড়ে দ্বি-খণ্ডিত হয়ে যান আলী হোসেন। খবর পেয়ে মোগলাবাজার ও রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আলী হোসেনের কোমর বরাবর কাটা পড়ে এবং মাথা থেতলে যায়। পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

এরআগে গত রোববার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি বাজার এলাকায় ঢাকাগামী কালনি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মো. ফারুক হোসেন (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়। পরে রেলক্রসিং থেকে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন