১৯ ডিসেম্বর ২০২২


ধর্মপাশায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় দুলাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের বাসিন্দা।

সোমবার উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের নিজ গ্রামের দক্ষিণ পাশে একটি করচ গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানার এসআই আব্দুস সবুর জানান, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কাউকে না জানিয়ে রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তিনি নিজ বসতঘর থেকে বের হন। সোমবার সকাল ৭টার দিকে নিজ গ্রামের দক্ষিণ পাশে থাকা একটি করচ গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে জানালে ওইদিন সকাল ১১টার দিকে ওই গ্রাম থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওইদিন দুপুরে লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন