২৪ জানুয়ারি ২০১৮

আজকের সিলেট ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধের ঘটনায় গতকালকের ঘটনার জের ধরে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের।
জানা যায়, গতকালকে ঢাবিতে ছাত্রলীগের হামলায় বাম ছাত্রনেতারা আহত হওয়ার প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটি মিছিল বের করে। মিছিলে ছাত্রলীগ বিরোধী শ্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এমসি কলেজ কর্মীরা। এর জের ধরে এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেইন, সৌরভ দাস, শামীম আহমদ, রাসেল এবং মুরাদের নেতৃত্বে মিছিলে ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাস ছাড়া করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি আখতার হোসেন। তিনি জানান, ‘একটি বাম সংগঠন ক্যাম্পাসে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় বলে খবর পেয়েছি। মারামারি কিংবা আহত হওয়ার খবর শুনিনি।’ পুলিশের একটি টিম এমসি কলেজে উপস্থিত আছে বলে জানান তিনি।
আজকের সিলেট/সৈয়দ/ঘ.