১৪ ডিসেম্বর ২০২২


গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সারাদেশের নয়ায় সিলেটেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গভীর শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে সিলেটবাসী।

বুধবার সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট নগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের কবর জিয়ারত করা হচ্ছে।

দিনের শুরুতেই একে একে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি করপোরেশন, সিলেট জেলা প্রশাসন, জেলা পরিষদ সিলেট রেঞ্জ পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষও ফুল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজির হয়ে বিনম্র চিত্তে স্মরণ করছেন শহীদ বুদ্ধিজীবীদের।

এদিকে, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন