৬ ডিসেম্বর ২০২২


টাইব্রেকারে জিতল ক্রোয়েশিয়া

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : টাইব্রেকারে আরও একটি জয় ক্রোয়েশিয়ার। গেল বিশ্বকাপেও টাইব্রেকার জিতে ফাইনালে উঠেছিল তারা। এবার নকআউট পর্বে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এর আগে ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ এ সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটও ১-১ এ সমতায় থেকে শেষ করে দুই দল। যার ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচের বিজয়ী নির্ধারিত করতে টাইব্রেকারে যায়।

টাইব্রেকারে জাপানের নেওয়া চারটি শটের তিনটিই রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। অন্যদিকে ক্রোয়েশিয়ার নেওয়া চারটি শটের তিনটি থেকে গোল করেন যথাক্রমে নিকোলা ভ্লাসিক, মার্সেলো ব্রোভিচ ও মারিও প্লাসিক।

এর আগে, ম্যাচের ৪৩ মিনিটে কর্নার পায় জাপান। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় বল ক্লিয়ার করতে গেলে পায়ে লেগে চলে যায় জাপানের ডাইজেন মায়েদার কাছে। তিনি কাছ থেকে শট নিয়ে বল জালে পাঠালে লিড পায় সামুরাই ব্লুরা।

অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জাপান। ম্যাচের ৫৫ মিনিটে সমতা ফিরে ক্রোয়েশিয়া। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইভান পেরিসিক। তাতে ম্যাচে সমতা ফেরে।

ম্যাচের ৯৬ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডের প্রাণ মদ্রিচকে তুলে নেন কোচ। ১০৫ মিনিটে জাপানের মিতোমার দূরপাল্লার শট দারুণভাবে রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এছাড়া অতিরিক্ত ৩০ মিনিটে বলার মত কোন দলই তেমন আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

শেয়ার করুন