২৬ ডিসেম্বর ২০২১


নৌকা পেতে ঢাকামুখী গোয়াইনঘাটের প্রার্থীরা

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাট উপজেলা এখন নেতা শুন্য। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পছন্দের প্রার্থী নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন। উপজেলা নেতাদের নিয়ে প্রার্থীরা ঘুরছেন দলের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে। গোয়াইনঘাট উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রর্থীরা।

উপজেলা ও জেলা টপকিয়ে নৌকার টিকেট পেতে ঢাকায় ছুটছেন তারা। কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বৃহস্পতিবারের মধ্যে যে কোনো সময় দলীয় সিদ্ধান্ত ঘোষণা করবে। এ নিয়ে এখন থেকে সম্ভাব্য প্রার্থীরা উপজেলার শীর্ষ নেতাদের নিয়ে ইতিমধ্যে ঢাকায় ছুটছেন। নিজের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট পাইয়ে দিতে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগ’র একাধিক নেতা। এদের সবাই রাজধানীতে অবস্থান করে দলীয় প্রতিক নৌকা পেতে জোর চেষ্টা তদবির করবেন।

একাধিক প্রার্থী ও দলীয় বিভিন্ন সূত্র জানায়, উপজেলার ৩টি ইউনিয়নে ৭জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার পর থেকেই ঢাকায় পাড়ি জমাতে শুরু করছেন নেতারা। ইতোমধ্যে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, ৫নং আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম, আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাৎ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য সোহেল আহমদ, ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ ফারুক আহমদ, মোঃ আব্দুল মালিকসহ মনোনয়ন প্রত্যাশীরা নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ চালিয়েই যাচ্ছেন। কারণ নৌকা প্রতিক এখন তাদের কাছে যেন সোনার হরিণ।

এদিকে প্রার্থীরা ঢাকায় দৌড়ঝাঁপ করলেও সমর্থক এবং ভোটারদের পদভারে পাড়া, মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান কিংবা গ্রামগঞ্জে নির্বাচনী আমেজ জমে উঠেছে ব্যাপক। আলোচিত হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে। পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী এলাকা। চায়ের আড্ডায় কিংবা উঠান বৈঠকে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কে এলাকার উন্নয়ন করেছে, কে করতে পারবে না। আবার কে কোন দলের মনোনীত প্রার্থী ও কে হবেন বিদ্রোহী প্রার্থী। রাজনৈতিক দলের গ্রুপ রাজনীতিতেও প্রভাব ফেলছে ভোটারদের। এমনকি প্রার্থীদের পূর্ব পুরুষের কর্মকাণ্ড নিয়েও তুমুল আলোচনা সমালোচনা চলছে।

অন্যতম বিরোধী দল বিএনপি দলীয়ভাবে প্রার্থী না দিলেও উপজেলার বিগত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। তাই বর্তমান ষষ্ঠ ধাপের তিনটি ইউপি নির্বাচনে আগের চেয়ে সতর্কভাবে এবারের প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এবার ৩টি ইউনিয়নে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। চতুর্থ ধাপে ৬টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও খালি মাঠ ছেড়ে দিবেন না বলে দলটির একাধিক নেতারা ইঙ্গিত দিয়েছেন। বিএনপির এমন কৌশলকে মাথায় রেখেই নির্বাচনী প্রক্রিয়ায় কৌশলী হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আগামী ৩১জানুয়ারী সোমবার গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়ন, ১০নং পশ্চিম ইউনিয়ন ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন