২২ জানুয়ারি ২০১৮


সাতমাইলে ইজতেমা ফেরত বাস দুর্ঘটনায় নিহত ৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় ইজতেমা ফেরত একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা হলেন সুনামগঞ্জ সদরের নোয়াগাঁও গ্রামের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫) ও জেলার কাঠইর ইউনিয়নের সদস্য আব্দুল খালেক।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত যাচ্ছিলেন ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত আসছিল অন্তত ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে খালেকের মৃত্যু হয়।

(আজকের সিলেট/২২ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন