৮ নভেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : নগরীর আম্বরখানা এলাকায় সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এমনকি আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতারও করতে পারে নি পুলিশ।
এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক শর্মা জানিয়েছেন, আ ফ ম কামাল খুনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় বিএনপি নেতা আ ফ ম কামালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আ ফ ম কামাল রাজনীতির পাশাপাশি পাথর ব্যবসা এবং নগরের জিন্দাবাজার এলাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাঁর ট্রাভেল এজেন্সি আজিজুর রহমান সম্রাট নামের একজনের আত্মীয়কে সৌদি আরবে এক কাজের কথা বলে অন্য কাজের জন্য ভিসার ব্যবস্থা করে। এ ঘটনায় সম্রাট গত ২১ অক্টোবর আ ফ ম কামালসহ ১০ জনের নামোল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। এরই জের ধরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, যেভাবে খুন করা হয়েছে, তাতে মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।