১১ মার্চ ২০২১


দিরাইয়ে খুনের জেরে ফের সংঘর্ষ, আহত ২০

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে নুর মোহাম্মদ খুনের জের ধরে আবারও দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন গুরুতর আহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দিরাই হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত সৈয়দ সুজল (৪০), আবুল শাহিদ (৫০), শরিফ মিয়া (২৮), সাজুনর (৪০) ও সৈয়দ ভুজন আহমেদকে (৪৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের দুই প্রবাসীর নিয়ন্ত্রণে থাকা দু’টি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধে একাধিক মামলা চলে আসছে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন মধুরাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুকিত চৌধুরী ও অপরপক্ষে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক চেয়ারম্যান জাহেদ চৌধুরী। মুকিত চৌধুরীর গ্রামে নেতৃত্ব দিচ্ছে কামালপুর গ্রামের নুরজালাল গং ও জাহেদ চৌধুরীর পক্ষে মধুরাপুর গ্রামের দিল হক গং। গত অক্টোবরে দুইপক্ষের মাঝে কয়েকবার হামলা-পাল্টা হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় নুর মোহাম্মদ (৫৫) নামের এক ব্যক্তি খুন হন।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন