৮ নভেম্বর ২০২২


দোয়ারাবাজারে সমুজ আলী কলেজের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পথচারীরা

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সমুজ আলী স্কুল এন্ড কলেজের জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পড়ে রয়েছে ! মাসের পর মাস চলে গেলেও সংস্কার করা হয়নি রাস্তাটি। এতে করে চরম দুর্ভোগে পোহাচ্ছে স্কুল-কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থী, কর্মজীবি মানুষ ও পথচারীরা। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের মহব্বতপুরবাজার থেকে সমুজ আলী কলেজের আসা যাওয়ার একমাত্র রাস্তাটি পড়ে আছে অবহেলায়।

জনপ্রতিনিধিরা থাকলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছেনা। রাস্তার পূর্বে খাশিয়ামারা নদীর একটি উপ-শাখা মরা (খাল) খালের পাড় দিয়ে একটি সরু রাস্তা। খাল ভাঙ্গতে-ভাঙ্গতে ঢালু করে দিয়েছে এক সাইড! চলতে ফিরতে হচ্ছে নানান অসুবিধা। কিন্তুু সে রাস্তা দিয়ে যানবাহন চলাচল দূ্রের কথা! মানুষ পায়ে হেটে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে।

রাস্তাটি ছোট হলেও পতিদিন এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল। শিমুলতলা, কাওয়ারঘর,গিরিশনগর, রাজনগর,ইসলামপুর,সুন্দরপই, ভাগড়া, টিলাগাঁও সহ কয়েকটি গ্রামের লোকজন এ রাস্তা দিয়ে মহব্বতপুরবাজারে যাতায়াত করে থাকে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি এ অবস্থায় রয়েছে জনপ্রতিনিধিরা কেউ খোঁজ-খবর নিচ্ছেনা।

স্থানীয়রা জানান, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে তেমন-ই হাট-বাজারে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও কার্যকর প্রদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সমুজ আলী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাহান উদ্দিন আজকের সিলেটকে জানায়, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা এই পথে প্রতিদিন চলাচল করতে হয়, কিন্তু রাস্তার এই অবস্থার কারণে আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়। দাবি যানাচ্ছি এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে দেয়া হয়।

সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদকের মোবাইলে বারবার কল দেয়া হয় তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

সুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি আজকের সিলেটকে বলেন, ৬ নং ওয়ার্ডের যতটি ভাঙ্গা রাস্তা রয়েছে সব কয়টি রাস্তা সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন দিয়েছি। তবে কলেজের রাস্তার নাম এ আবেদনে নাই। তবুও এ রাস্তার ব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে কথা বলবো।

৯ নং সুরমা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেরয়ারম্যান মোশাররফ হোসেন আজকের সিলেটকে বলেন, আমি রাস্তা না দেখে কিছুই বলতে পারবনা।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা আজকের সিলেটকে বলেন, আমি সমুজ আলী স্কুল এন্ড কলেজের সভাপতি। এ রাস্তার কথা শুনেছি, আমার কাছে একটা আবেদন এসেছে। তবে এ আবেদনে কলেজের রাস্তার কথা বলা আছে কি না, আমি জানি না।

শেয়ার করুন